কুমিল্লারবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

থানচিতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ২৬, ২০২৬ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

 বান্দরবানের থানচিতে সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পর্যটক জাওয়াদ-উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে সাঙ্গু নদীর তিন্দুমুখ ও রাজাপাথর এলাকার মাঝামাঝি স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার।

স্থানীয় সূত্র ও প্রশাসনের তথ্য অনুযায়ী, গত শুক্রবার ১৩ জন পর্যটক আলীকদম-থানচি সড়ক হয়ে তিন্দু বাজারে পৌঁছান। পরে তারা দুটি নৌকায় রেমাক্রীর উদ্দেশে যাত্রা করেন। একটি নৌকায় ছয়জন এবং অন্যটিতে সাতজন পর্যটক ছিলেন।

রেমাক্রীর পথে সাঙ্গু নদীর রাজাপাথর এলাকায় পৌঁছালে প্রবল স্রোতের মধ্যে সাত আরোহী থাকা একটি নৌকা ডুবে যায়। এ সময় ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও জাওয়াদ-উল ইসলাম মাহিয়ান নিখোঁজ হন।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা টানা দুই দিন উদ্ধার অভিযান চালালেও তার সন্ধান পাওয়া যায়নি।

রোববার সকালে তিন্দুমুখ ও রাজাপাথরের মাঝামাঝি এলাকায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা প্রশাসনকে খবর দেন। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

নিহত মাহিয়ান ময়মনসিংহ সদর উপজেলার মাসকান্দা গ্রামের বাসিন্দা এবং হেলাল উদ্দিনের ছেলে।

তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা মরদেহ উদ্ধার করেন।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল বলেন, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকারী দল ফিরে এলে পুরো ঘটনার বিস্তারিত জানানো হবে।