ইংল্যান্ডের প্রধান কোচ টমাস টুখেল বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, তার দল কিংবা প্রতিপক্ষ ফ্রান্স; কোনো দলই এই ম্যাচ খেলতে চায় না।
আর্জেন্টিনার কাছে সেমিফাইনালে হৃদয়বিদারক পরাজয়ের মাধ্যমে ইংল্যান্ডের ফাইনালে উঠার স্বপ্ন ভেঙে যায়। ফলে এখন তাদের মায়ামিতে অনুষ্ঠিতব্য তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে, যেটিকে টুখেল একটি ‘অনাকাঙ্ক্ষিত দায়িত্ব’ বলে মনে করেন।
জার্মান এই কোচের মতে, বিশ্বকাপের সেমিফাইনালের মতো ম্যাচে মানসিক ও শারীরিকভাবে সর্বোচ্চ শক্তি উজাড় করে দেওয়ার পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলোয়াড়দের অনুপ্রাণিত রাখা প্রায় অসম্ভব।
সংবাদ সম্মেলনে টুখেল বলেন, ‘আমাদের কোনো খেলোয়াড়ই এই ম্যাচ খেলতে চায় না, ফ্রান্সের খেলোয়াড়রাও চায় না। তারা সবাই ফাইনাল খেলতে চেয়েছিল। আমরা সেই লক্ষ্য অর্জনের জন্য সবকিছু উজাড় করে দিয়েছি। সবাই বিশ্বকাপ জিততেই খেলতে নামে, কিন্তু বাস্তবতা এটাই। আমাদের ফ্রান্সের তুলনায় এক দিন কম বিশ্রামের সময় রয়েছে। তবুও আমরা পেশাদারিত্বের সঙ্গে ম্যাচটি খেলব।’
টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার হতাশা থাকলেও টুখেল তার দলের পারফরম্যান্সের প্রশংসা করেন এবং সেমিফাইনালে পৌঁছানোকে বড় অর্জন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, অনেক শক্তিশালী দল ইংল্যান্ডের আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
টুখেল সাংবাদিকদের বলেন, ‘আরেকটি বিশ্বকাপে অংশ নিতে আমাদের চার বছর অপেক্ষা করতে হবে। তাই সেমিফাইনালে উঠাটা অবশ্যই একটি বড় অর্জন। বিশ্বের অনেক বড় ফুটবল শক্তি সেমিফাইনালের আগেই বিদায় নিয়েছে। এটি নিঃসন্দেহে একটি সাফল্য। তবে এই মুহূর্তে কেউই সেটা শুনতে চায় না, আমিও না। কারণ আমরা নিজেদের কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা করি।’












