পবিত্র ঈদ-উল-আযহা সামনে রেখে সরকারি ছুটির প্রথম দিনেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। বাড়ি ফেরা মানুষের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়কের কুমিল্লা অংশজুড়ে বেড়েছে যানবাহনের চাপও।
ঢাকা থেকে চট্টগ্রাম ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পরিবহনগুলোতে ছিল অতিরিক্ত যাত্রীর চাপ।
সোমবার (২৫ মে) সকাল থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি যানবাহন চলাচল করতে দেখা যায়। দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, মোটরসাইকেল ও পণ্যবাহী যানবাহনের চাপ একসঙ্গে বেড়ে যাওয়ায় কোথাও কোথাও ধীরগতির সৃষ্টি হলেও এখন পর্যন্ত বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি।
ঢাকা থেকে চট্টগ্রাম ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পরিবহনগুলোতে ছিল অতিরিক্ত যাত্রীর চাপ। অনেককে পরিবার-পরিজন নিয়ে ভোর থেকেই বাড়ির পথে রওনা হতে দেখা গেছে। মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ পয়েন্টে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা থেকে চৌদ্দগ্রামের পদুয়া পর্যন্ত প্রায় ১০৫ কিলোমিটার এলাকায় যানবাহন চলাচল তুলনামূলক স্বাভাবিক থাকলেও অতিরিক্ত চাপের কারণে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা বেশি সময় লাগছে।
বিশেষ করে গৌরীপুর, মাধাইয়া, চান্দিনা, ক্যান্টনমেন্ট, আলেখারচর, পদুয়ারবাজার, মিয়াবাজার, চৌদ্দগ্রাম ও পদুয়া এলাকায় যানবাহনের অনিয়ন্ত্রিত যাত্রী ওঠানামা এবং সড়কের পাশে বাস থামানোর কারণে চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। অনেক চালক নির্ধারিত স্টপেজের বাইরে যাত্রী ওঠানামা করানোর ফলে এসব এলাকায় সাময়িক ধীরগতির সৃষ্টি হচ্ছে।
এছাড়াও মহাসড়কের পাশে বিভিন্ন স্থানে বসা অস্থায়ী পশুর হাটকে কেন্দ্র করে গরুবাহী ট্রাক ও অন্যান্য যানবাহনের চাপ বেড়েছে। বিশেষ করে কোরবানির পশু পরিবহনকারী ট্রাক মহাসড়কের পাশে থামানো ও ধীরগতিতে চলাচলের কারণে কয়েকটি এলাকায় যান চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। ফলে কোথাও কোথাও যানবাহনের দীর্ঘ সারিও দেখা গেছে।
এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হাইওয়ে পুলিশকে সতর্ক অবস্থানে দেখা গেছে। দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক শাহজাহান জানান, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ নিয়মিত টহল ও তদারকি কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরও জানান, মহাসড়কের বিভিন্ন স্থানে যাতে যানজট সৃষ্টি না হয় এবং যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, সেজন্য পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।














