কুমিল্লাশনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডাকাতদের কবল থেকে ছোট ভাইকে বাঁচাতে এসে প্রাণ গেল বড় ভাইয়ের

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ১৮, ২০২৬ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদীর মাধবদীতে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে শাহজাহান ভূইয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সুরুজ ভূইয়া নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বলভদ্রদী এলাকার ব্যবসায়ী মিলন ভূইয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি ডাকাতদল মিলন ভূইয়ার বাড়িতে প্রবেশ করে।ডাকাতদের উপস্থিতি টের পেয়ে মিলন তার বড় ভাই শাহজাহান ভূইয়াকে ফোন করে বিষয়টি জানান। পরে শাহজাহান ভূইয়া ও তাদের চাচা সুরুজ ভূইয়া পাশের বাড়ি থেকে ঘটনাস্থলে আসার সময় বাড়ির বাইরে অবস্থানরত ডাকাতরা তাদের ওপর হামলা চালায়।

এ সময় ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে শাহজাহান ও সুরুজ ভূইয়াকে এলোপাতাড়ি কোপায়। এতে ঘটনাস্থলেই শাহজাহান ভূইয়া মারা যান। গুরুতর আহত হন সুরুজ ভূইয়া।

ডাকাতরা প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে বাড়িতে তাণ্ডব চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে আহত সুরুজ ভূইয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

প্রতিবেশী সোহেল মিয়া বলেন, ডাকাতদের উপস্থিতি টের পেয়ে মিলন তার বড় ভাই শাহজাহানকে ফোনে বিষয়টি জানান। পরে শাহজাহান ও তাদের চাচা সুরুজ ঘটনাস্থলে আসার সময় বাড়ির বাইরে থাকা ডাকাতরা তাদের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। এরপর ডাকাতরা লুটপাট করে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।