নরসিংদীর ঘোড়াশালে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে সজিব সরকার (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) বিকেলে পলাশ উপজেলার ঘোড়াশাল রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণ করছিলেন সজিব সরকার। বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেনটি ঘোড়াশাল রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে প্রবল বৃষ্টিপাতের মধ্যে হঠাৎ বজ্রপাত হয়। এ সময় ট্রেনের ছয় নম্বর বগির ছাদে অবস্থানরত সজিব সরকারের ওপর বজ্রপাত আঘাত হানে। পরে ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে পৌঁছালে রেলওয়ে ফাঁড়ি পুলিশ ট্রেনের ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহত সজিব সরকার নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের ফুলদি গ্রামের সামসুল হক সরকারের ছেলে। তিনি ঢাকায় একটি রেস্টুরেন্টে কাজ করতেন। আসন্ন ঈদ উপলক্ষ্যে ছুটিতে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশের পরিদর্শক মো. নাজিম উদ্দিন বলেন, স্টেশন মাস্টার ও জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছেন। স্থানীয়দের কাছ থেকে জানতে পারি, বজ্রপাতের ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে তার বুকের লোম পুড়ে যাওয়ার আলামত পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।














