কক্সবাজারের টেকনাফ উপকূলে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ ৩৩ জনকে আটক করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। এ সময় পাচারে ব্যবহৃত তিনটি ট্রলারও জব্দ করা হয়েছে।
রোববার (১৭ মে) টেকনাফের শাহপরীর দ্বীপে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোস্টগার্ড এ তথ্য জানায়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাবির আলম সুমন জানান, শনিবার সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় যৌথ অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহভাজন তিনটি ট্রলার থামিয়ে তল্লাশি করলে ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১৬ লাখ ৮০ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, মাছ ধরার ট্রলারের আড়ালে হাতিয়া ও সন্দ্বীপ এলাকা থেকে সিমেন্ট সংগ্রহ করে মিয়ানমারে পাচারের পরিকল্পনা ছিল।
কোস্টগার্ড জানায়, জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি এ ধরনের চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে এবং জড়িত চক্র শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।











