টাঙ্গাইলের ভূঞাপুরে ফাতিহা নামে এক মাস বয়সী এক শিশুকে হামের টিকার পরিবর্তে দেওয়া হয়েছে জলাতঙ্কের টিকা।
বুধবার (১৩ মে) দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
শিশুটির পরিবার জানায়, ঘটনার দিন টিকা দিতে সন্তানকে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে যান শিশুটির মা মৌ। সেখানে টিকা দেওয়ার দায়িত্বে ছিলেন স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরু। কিন্তু তিনি অনুপস্থিত থাকায় তার বদলে অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (পিআরএল) থাকা আরেক স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুমকে ডেকে নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ।
কিন্তু স্বাস্থ্য পরিদর্শক কাইয়ুম শিশুটিকে ভুলবশত কুকুরের কামড়ের চিকিৎসায় ব্যবহৃত র্যাবিক্স ভ্যাকসিনের দুটি ডোজ প্রদান করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে প্রতিবাদ করলে তাদের সঙ্গে কাইয়ুম খারাপ আচরণ করেন বলে অভিযোগ উঠেছে। শিশুটির পরিবারের দাবি, ভুল টিকা প্রয়োগের পর শিশুটি ক্রমেই নিস্তেজ হয়ে পড়ছে।
এ ঘটনায় অভিযুক্ত স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকের গাফিলতিকে দায়ী করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী শিশুটির পরিবার।
এ বিষয়ে অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শক কাইয়ুম নিজের ভুলের কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদও নিজের দায় স্বীকার করেছেন। তিনি বলেছেন, এটি অনাকাঙ্ক্ষিত ভুল। আমাদের আরও সতর্ক হওয়া দরকার ছিল। তবে, এ ভ্যাকসিনে কোনো সমস্যা হবে না। এরপরও পরিবারের সদস্যদের যোগাযোগ রাখতে বলা হয়েছে।














