কুমিল্লাসোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘জেদ করে কিনে নিয়েছিল, সেই মোটরসাইকেলেই ছেলের প্রাণ গেল’

প্রতিবেদক
Cumilla Press
জুন ২৯, ২০২৬ ১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের শৈলকুপায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তীর্থ বিশ্বাস (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

সোমবার (২৯ জুন) বেলা ১১টার দিকে উপজেলার ভাটই বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তীর্থ বিশ্বাস উপজেলার ভাটই গ্রামের তপন কুমার বিশ্বাসের ছেলে। তিনি ভাটই মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে তীর্থ মোটরসাইকেলে বাড়ি থেকে ঝিনাইদহ শহরের উদ্দেশ্যে রওনা দেয়। পথে ভাটই বাজার সংলগ্ন ভাটই সরকারি কলেজের সামনে থাকা একটি পিকআপকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা ঝিনাইদহ-কুষ্টিয়াগামী আরেকটি পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা তপন কুমার বিশ্বাস বলেন, মাত্র দুই মাস আগে ছেলেকে মোটরসাইকেল কিনে দিয়েছিলাম। মোটরসাইকেল কেনার জন্য সে অনেক জেদ করেছিল। বাধ্য হয়ে কিনে দিয়েছিলাম। আজ সেই মোটরসাইকেলেই তার প্রাণ গেল। এখন আমি কি নিয়ে বাঁচব?

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘাতক পিকআপটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।