পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার জন্য আগামী রোববার (১৭ মে) সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরবের সর্বোচ্চ আদালত। শুক্রবার (১৫ মে) এক ঘোষণায় এ আহ্বান জানানো হয়।
সৌদি আরবের হিসাবে ওইদিন জিলকদ মাসের ২৯তম দিন। সেদিন চাঁদ দেখা গেলে ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে ঈদ অনুষ্ঠিত হবে ২৮ মে।
সৌদি সুপ্রিম কোর্ট জানিয়েছে, কেউ চাঁদের দেখা পেলে যেন সংশ্লিষ্ট চাঁদ দেখা কমিটিকে তা অবহিত করেন।
এদিকে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, অধিকাংশ ইসলামি দেশে রোববারই জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। তাদের পূর্বাভাস অনুযায়ী, বিশ্বের বিভিন্ন অঞ্চলে খালি চোখে ও টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন হতে পারে। সে হিসাবে ২৭ মে বিশ্বের অনেক দেশে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া কাউন্সিলও একই দিনে চাঁদ দেখার ঘোষণা দেয়। তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জাতীয় পর্যায়ে চাঁদ পর্যবেক্ষণের প্রস্তুতি নিয়েছে।
ইসলামি ক্যালেন্ডারের গুরুত্বপূর্ণ মাস জিলহজে মুসলমানরা হজ পালন করেন। এ মাসের ৯ তারিখে আরাফাত দিবস এবং ১০ তারিখে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা।












