কুমিল্লাবুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জামিনে মুক্তির পর জেলগেট থেকেই গ্রেপ্তার সাবেক মেয়র বাবু

প্রতিবেদক
Cumilla Press
জুন ১০, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর মাগুরা জেলগেট থেকে আবারো গ্রেপ্তার হয়েছেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র মীর শহিদুল ইসলাম বাবু (৫২)। মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টা ৫৫ মিনিটে জামিনের পর জেলা কারাগার থেকে মুক্তি পান বাবু মীর। মুক্তির পর জেলগেট থেকেই জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও মাগুরা সদর থানা পুলিশের যৌথ টিম তাকে আবারো গ্রেপ্তার করে।

শহিদুল ইসলাম বাবু ওরফে বাবু মীর মাগুরা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মীরপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত মীর নুরুল হোসেনের ছেলে। রাজনৈতিক জীবনে তিনি মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি মাগুরা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র এবং পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তিনবারের নির্বাচিত কাউন্সিলর, ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাবেক এজিএস।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় তিনি কারাগারে ছিলেন। সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন লাভের পর মঙ্গলবার কারামুক্ত হন। তবে কারাগার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই অন্য একটি মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ৫ আগস্ট-পরবর্তী নাশকতার একটি মামলায় জড়িত থাকার অভিযোগে শহিদুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।