নেত্রকোনা শহরের মগরা নদীর তীরে স্থাপিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে গভীর রাতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলাজুড়ে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) রাত সাড়ে ৩টার দিকে জেলা শহরের মোক্তারপাড়া সেতুর দক্ষিণ পাশে জয়নগর এলাকায় অবস্থিত স্মৃতিস্তম্ভে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ২৪ সেকেন্ডের একটি ভিডিও। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তিন যুবক স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার পর স্লোগান দিচ্ছেন। সেখানে ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান শোনা যায়। পরে তারা মোটরসাইকেলে চলে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুটি মোটরসাইকেলে কয়েকজন যুবক ঘটনাস্থলে এসে স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন লাগানোর পর তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে দ্রুত স্থান ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে স্মৃতিস্তম্ভের নিচের অংশের কিছু অংশ পুড়ে কালো হয়ে গেছে।
এদিকে বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ধাতব কাঠামোর স্মৃতিস্তম্ভটির বিভিন্ন স্থানে আগুনের দাগ স্পষ্ট। চারপাশে কৌতূহলী মানুষের ভিড় দেখা যায়। স্থানীয়রা এ ঘটনাকে পরিকল্পিত নাশকতা বলে মন্তব্য করেছেন।
এ বিষয়ে নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে কোনো একসময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে গুলিতে নিহত নেত্রকোনার ১৭ জন শহীদের স্মরণে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় ১৪ লাখ টাকা ব্যয়ে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। উদ্বোধনের পর থেকে এটি শহীদদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদনের অন্যতম প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।












