যশোরের শার্শা উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে মিজানুর রহমান গহর (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। র্যাবের সহযোগিতায় ঝিনাইদহের মহেশপুর এলাকা থেকে যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
শুক্রবার (২২ মে) দুপুরে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। আটক মিজানুর রহমান উপজেলার একঝালা গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী স্মৃতি বেগম (৩৩) গত ৯ মে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শার্শা থানায় মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, গত ১৪ এপ্রিল রাতে স্বামী বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি তাকে ভয়ভীতি দেখিয়ে বাড়ির পেছনে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।
পরে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।












