কুমিল্লাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগ, ক্যান্টিনকর্মী আটক

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ২৩, ২০২৬ ১১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ‘বিজয় ২৪’ হলের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রাখার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় হলের ক্যান্টিনে কর্মরত ইমাম হাসান নামে এক কর্মচারীকে আটক করেছেন শিক্ষার্থীরা। 

বুধবার (২৩ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের দাবি, ওয়াশরুমে একটি সন্দেহজনক মোবাইল ফোন দেখতে পেয়ে তারা বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করেন। পরে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ক্যান্টিনকর্মী ইমাম হাসানকে আটক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে খবর দেন। জানা গেছে, তিনি প্রায় দুই বছর ধরে হলের ক্যান্টিনে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, খবর ছড়িয়ে পড়ার পর হলের বিভিন্ন ব্লকের শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হন। অভিযুক্তকে হলের ভেতরেই আটকে রাখা হয় এবং পরবর্তী ব্যবস্থা নিতে প্রশাসনকে অবহিত করা হয়। এ ঘটনার পর আবাসিক শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

এক শিক্ষার্থীর অভিযোগ, আটক ব্যক্তির মোবাইল ফোনে একাধিক ভিডিও পাওয়া গেছে। তার দাবি, দীর্ঘদিন ধরে তিনি হলের ওয়াশরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে গোপনে ভিডিও ধারণ করতেন এবং সেগুলো বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে শেয়ার করতেন। তবে এসব অভিযোগের সত্যতা এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নারী আবাসিক হলে বহিরাগত ও সেবাদানকারী কর্মীদের প্রবেশে আরও কঠোর নজরদারি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সিসিটিভি পর্যবেক্ষণ বাড়ানোর দাবি জানিয়েছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তারা।

এ বিষয়ে ‘বিজয় ২৪’ হলের প্রভোস্ট ড. সেলিনা আহমেদ বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন হবে না। তদন্তের পর প্রয়োজনীয় তথ্য জানানো হবে।