কুমিল্লাসোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চ্যাম্পিয়ন হতে আর্জেন্টিনাকে ভাঙতে হবে যে দুই অভিশাপ

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ১৯, ২০২৬ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

দুর্দান্ত ফর্মে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ পর্বে স্পেন একটি ম্যাচ ড্র করলেও এখন পর্যন্ত সব ম্যাচেই জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। আর মাত্র একটি ম্যাচ জিততে পারলেই টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়বেন লিওনেল স্কালোনির শিষ্যরা। তবে শিরোপা জিততে হলে আর্জেন্টিনাকে দুই অভিশাপ কাটিয়ে উঠতে হবে।

সেমিফাইনাল জয়ের পর ফ্রান্সকে টপকে আবারও ফিফা র‍্যাংকিংয়ের এক নম্বর স্থানটি পুনরুদ্ধার করেছে আর্জেন্টিনা। আপাতদৃষ্টিতে এটি সুখবর মনে হলেও বিশ্বকাপের ইতিহাসে এর একটি অন্ধকার দিক রয়েছে। ১৯৯৩ সালে ফিফা র‍্যাংকিং প্রথা চালু করার পর থেকে আজ পর্যন্ত কোনো দল র‍্যাংকিংয়ের এক নম্বরে থেকে বিশ্বকাপ জিততে পারেনি।

১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে জার্মানি শীর্ষ দল হিসেবে টুর্নামেন্টে অংশ নিয়েছিল, কিন্তু সেবার ট্রফি জেতে ব্রাজিল। এরপর থেকে গত তিন দশকে কোনো এক নম্বর দল এই বৃত্ত ভাঙতে পারেনি।

আর্জেন্টিনার সামনে দ্বিতীয় বড় চ্যালেঞ্জটি হলো টানা দুবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়া, যা আধুনিক ফুটবলে প্রায় অসম্ভব এক কীর্তিতে পরিণত হয়েছে। ১৯৬২ সালে পেলের ঐতিহাসিক ব্রাজিলের পর বিগত ৬৪ বছরে বিশ্বের আর কোনো দেশ তাদের বিশ্বকাপ শিরোপা সফলভাবে ধরে রাখতে পারেনি। তার আগে কেবল ইতালি এই কীর্তি গড়েছিল।

স্পেনকে হারালে আর্জেন্টিনা কেবল চতুর্থবারের মতো বিশ্বজয়ই করবে না, বরং জার্মানি ও ইতালির সমান ৪টি বিশ্বকাপ নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসবে। একই সঙ্গে ফুটবল ইতিহাসের আধুনিক যুগের সবচেয়ে বড় দুটি পরিসংখ্যানগত বাধা ভাঙবে লিওনেল মেসির দল।