কুমিল্লাসোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ৩, ২০২৬ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

পাবনার ঈশ্বরদীতে একটি মুদি দোকানে চুরির অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে সুমন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় দোকান মালিক ও তার দুই ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগও উঠেছে।

রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া ঠান্ডাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর আজিজলতলা এলাকার মৃত বয়েন মণ্ডলের ছেলে। সোমবার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে মুদি ব্যবসায়ী হবিবুল ইসলামের দোকানে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন সুমন। দোকানটি বাড়ির পাশেই হওয়ায় ভেতর থেকে শব্দ পেয়ে হবিবুল ইসলাম ও তার দুই ছেলে শাকিল হোসেন এবং সাহাব উদ্দিন বাইরে এসে তাকে আটকানোর চেষ্টা করেন।

এ সময় সুমন ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এতে হবিবুল ইসলাম ও তার দুই ছেলে আহত হন। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে সুমনকে আটক করে মারধর করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আহত হবিবুল ইসলাম এবং তার দুই ছেলে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তা পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।