হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী গারোটিলা এলাকায় এ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাতছড়ি বিওপির একটি টহল দল সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ ভেতরে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি সন্দেহজনক বস্তা তল্লাশি করে মালিকবিহীন ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তবে অভিযানের সময় কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৮২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
উদ্ধার করা মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়া শেষে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।












