কুমিল্লাসোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চীনের কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

প্রতিবেদক
Cumilla Press
মে ২৩, ২০২৬ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

চীনের শানসি প্রদেশে একটি কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় অন্তত আটজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও বহু শ্রমিক খনির ভেতরে আটকা পড়ে আছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, শুক্রবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লিউশেনইউ কয়লাখনিতে বিস্ফোরণটি ঘটে। দুর্ঘটনার সময় খনিতে মোট ২৪৭ জন শ্রমিক কর্মরত ছিলেন।

শনিবার সকাল পর্যন্ত ২০১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনো ৩৮ জন শ্রমিক খনির নিচে আটকা রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কর্মক্ষেত্রে নিরাপত্তা জোরদার করে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

প্রাথমিকভাবে জানা গেছে, খনিটিতে কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বিষাক্ত এই গ্যাসের প্রভাবে আটকে পড়া শ্রমিকদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে ধারণা করা হচ্ছে।

চীনের কয়লাখনির অন্যতম প্রধান কেন্দ্র শানসি প্রদেশে অতীতে একাধিক দুর্ঘটনা ঘটেছে। যদিও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন হয়েছে, তবুও বিধি যথাযথভাবে না মানার কারণে এ ধরনের ঘটনা এখনও ঘটে চলেছে।