ঢাকা থেকে জামালপুরে নাটকের শুটিংয়ে যাওয়ার পথে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী ফারিন খান। গভীর রাতে টাঙ্গাইলের একটি পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে বলে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন।
ফারিন জানান, রাত আনুমানিক ৩টার দিকে যাত্রাবিরতির সময় তিনি একটি ওয়াশরুমে গেলে হঠাৎ অস্বাভাবিক কিছু অনুভব করেন। কিছুক্ষণ পর দেখতে পান, ভেন্টিলেটরের ফাঁক দিয়ে কেউ তার দিকে হাত বাড়িয়েছে। পরিস্থিতি বুঝতে পেরে তিনি চিৎকার শুরু করলে ঘটনাস্থল থেকে দ্রুত বের হয়ে আসেন।
তার চিৎকার শুনে গাড়িচালক এগিয়ে এসে সন্দেহভাজন ব্যক্তিকে ধরার চেষ্টা করলেও তিনি পালিয়ে যান। পরবর্তীতে বিষয়টি শুটিং ইউনিটের সদস্যদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী।
ফারিন বলেন, সময়মতো প্রতিক্রিয়া না জানাতে পারলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। ঘটনার পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন বলেও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, কর্মক্ষেত্রে বাইরে থাকা নারীদের প্রায়ই এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হতে হয় এবং নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
উল্লেখ্য, ২০১৭ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘ধ্যাততেরিকি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় ফারিন খানের। বর্তমানে তিনি নাটক ও ওয়েব কনটেন্টে নিয়মিত কাজ করছেন।












