কুমিল্লামঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চাচার সামনে মধুমতীতে তলিয়ে গেল শিশু, একদিন পর মিলল মরদেহ

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ২১, ২০২৬ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মাগুরার মধুমতি নদীতে পাট ধুতে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হওয়া ইয়াসিন মোল্লা (১৫) নামে এক শিশুর মরদেহ একদিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। কাকার সামনেই নদীতে পড়ে তলিয়ে যায় সে। তাৎক্ষণিকভাবে উদ্ধারচেষ্টা চালিয়েও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় মাগুরার কালিনগর ওয়াবদা এলাকার মধুমতি নদীতে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কামারখালী-আড়পাড়া বালুঘাট এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইয়াসিন মোল্লা কালিনগর গ্রামের শহর আলী মোল্লার ছেলে। সে স্থানীয় কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সোমবার কাকার সঙ্গে নদীতে পাট ধুতে যায় ইয়াসিন। একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে নদীতে পড়ে যায়। কাকা সঙ্গে সঙ্গে তাকে ধরার চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে পাটের জাকের নিচে তলিয়ে যায় সে।

ঘটনার পর স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে ফরিদপুর থেকে আসা ডুবুরি দল সোমবার রাত পর্যন্ত তল্লাশি চালালেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

পরদিন মঙ্গলবার সকালে স্থানীয়রা কামারখালী-আড়পাড়া বালুঘাট এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে মাগুরা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন

শিশুটির মৃত্যুর ঘটনায় কালিনগর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। একই সঙ্গে নদীতে পাট ধোয়ার সময় নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

মাগুরা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ বলেন, কাকার সঙ্গে পাট ধুতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয় ইয়াসিন। তাৎক্ষণিক উদ্ধারচেষ্টা এবং পরে ডুবুরি দলের তল্লাশি চালিয়েও তাকে সোমবার উদ্ধার করা যায়নি। মঙ্গলবার সকালে কামারখালী-আড়পাড়া বালুঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।