ডেস্ক রিপোর্ট,
ঢাবির সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি (সিবিপি) এবং আন্তর্জাতিক শ্রমিক সংগঠন (ইলো)-এর যৌথ আয়োজনে চট্টগ্রামে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মসূচি ‘রেসপনসিবল বিজনেস কন্ডাক্ট (আরবিসি) স্কুল-২০২৬’।
সোমবার (১৮ মে) থেকে শুরু হওয়া এ আয়োজন আগামী ২২ মে পর্যন্ত চলবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট এন্ড পলিসির বার্তা প্রেরক।
আয়োজক সূত্র জানায়, প্রশিক্ষণের প্রথম দিনে ‘দায়িত্বশীল ব্যবসায় আচরণ: ধারণা, মডেল ও বাস্তব প্রয়োগ’ শীর্ষক সেশন পরিচালনা করেন ড. কাজী মারুফুল ইসলাম। সেশনে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর), দায়িত্বশীল ব্যবসায় আচরণ (আরবিসি), পরিবেশ, সামাজিক ও সুশাসন (ইএসজি) এবং টেকসই উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।
পাঁচ দিনের এই প্রশিক্ষণে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গবেষক, উন্নয়নকর্মী ও তরুণ পেশাজীবীরা অংশ নিচ্ছেন। প্রশিক্ষণের মাধ্যমে ব্যবসায় মানবাধিকার, শ্রম অধিকার, জবাবদিহিতা ও টেকসই উন্নয়ন বিষয়ে অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে নৈতিক ব্যবসা চর্চা ও মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি একটি ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।














