কুমিল্লাবুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধকে পুলিশে দিল জনতা

প্রতিবেদক
Cumilla Press
জুন ২, ২০২৬ ১১:০৯ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধ দোকানদারকে পুলিশ হেফাজতে নিয়েছে।

আজ (মঙ্গলবার) বিকেলে হালিশহর আবাসিক এলাকার বি-ব্লক পাবলিক স্কুল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে শিশুটি আইসক্রিম কিনতে এলাকার একটি মুদির দোকানে যায়। এ সময় দোকানে অন্য কোনো ক্রেতা না থাকায় দোকানদার শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। পরে শিশুটি বিষয়টি পরিবারকে জানালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অভিযোগের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন অভিযুক্ত ব্যক্তিকে ঘেরাও করে রাখেন। পরে খবর পেয়ে হালিশহর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।

স্থানীয়দের দাবি, অভিযুক্ত ব্যক্তির বয়স প্রায় ৮০ বছর।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) মো. আলমগীর হোসেন বলেন, প্রাথমিকভাবে একটি শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগের তথ্য পাওয়া গেছে। তবে ঘটনাটি ধর্ষণ বা ধর্ষণচেষ্টার পর্যায়ে পড়েছে কি না, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে হালিশহর এলাকা থেকে থানায় আনা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।