কুমিল্লাসোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঘরের মেঝে খুঁড়ে বের হলো মায়ের মরদেহ, ছেলে পলাতক

প্রতিবেদক
Cumilla Press
জুন ৪, ২০২৬ ১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর নিজ বাড়ির ঘরের মেঝের নিচ থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।

বুধবার গভীর রাতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা ময়দানপাড়া এলাকায় এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। নিহত মারুফা বেগম (৬০) স্থানীয় মৃত আশরাফ আলীর স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, কয়েকদিন আগে মারুফা বেগমের নিখোঁজ হওয়ার খবর পরিবার থেকে জানানো হয়। তার ছোট ছেলে লাভিন মিয়া ঢাকায় কর্মরত থাকলেও খবর পেয়ে বাড়িতে ফিরে মায়ের খোঁজ শুরু করেন। তবে কোথাও সন্ধান না মেলায় পরিবারের মধ্যে উদ্বেগ বাড়তে থাকে।

ঘটনার মোড় ঘুরে যায় যখন লাভিন মিয়ার স্ত্রী ঘরের বিছানা গুছানোর সময় তোশকের নিচে রক্তের দাগ এবং মেঝেতে অস্বাভাবিক ফাটল দেখতে পান। বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে পরে থানায় খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক অনুসন্ধানে রক্তের চিহ্ন ও মেঝের অস্বাভাবিক অবস্থা দেখতে পায়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মেঝে খুঁড়ে সেখানে চাপা দেওয়া অবস্থায় মারুফা বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের ছোট ছেলে লাভিন মিয়ার দাবি, মায়ের নিখোঁজ হওয়ার আগে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধের ঘটনা ঘটেছিল। একই সঙ্গে বড় ভাইয়ের আচরণ নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। তবে এসব অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হয়নি।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, মরদেহ উদ্ধারের পর ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করা হয়েছে। হত্যার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত শেষে স্পষ্ট হবে। এ ঘটনায় দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।