কুমিল্লাবৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় বিএনপি ও জামায়াত-সমর্থিত দুই পক্ষের সংঘর্ষ

প্রতিবেদক
Cumilla Press
জুন ১১, ২০২৬ ২:১৩ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধার পলাশবাড়ীতে পানহাটির দখল নিয়ে বিএনপি ও জামায়াত-সমর্থিত দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ নিরাপদ স্থানে সরে যান। ঘটনার পর প্রায় ৩০ মিনিট পলাশবাড়ী–ঘোড়াঘাট সড়কে যান চলাচল বন্ধ ছিল।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে পলাশবাড়ী পৌর এলাকার ছোট শিমুলতলা পানহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর থেকে দুই পক্ষের লোকজন হাটের আশপাশে অবস্থান নিতে শুরু করে। একপর্যায়ে একদল পানহাটিতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এরপরই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

একপর্যায়ে একদল পানহাটিতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এরপরই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, হঠাৎ বিস্ফোরণের শব্দে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে। এ সময় অনেকে দোকানপাট বন্ধ করে নিরাপদে সরে যান। পরে পরিস্থিতি শান্ত হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় সকাল সাড়ে ৯টা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, আজ সকালে পানহাটির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। বিস্ফোরিত বস্তু ককটেল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জে আই