কুমিল্লাসোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কেমন হবে ফাইনালের আর্জেন্টিনা একাদশ?

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ১৯, ২০২৬ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের একাদশ নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি লিওনেল স্কালোনি। তবে আর্জেন্টিনার সর্বশেষ অনুশীলন এবং নকআউট পর্বের দল নির্বাচন দেখে সম্ভাব্য একাদশের অধিকাংশ জায়গাই প্রায় নিশ্চিত। মূল সংশয় রাইটব্যাক ও মধ্যমাঠের একটি জায়গা নিয়ে।

গোলপোস্টে যথারীতি থাকবেন এমিলিয়ানো মার্তিনেজ। তার সামনে সেন্টারব্যাক জুটি হিসেবে ক্রিস্তিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজের খেলাও প্রায় নিশ্চিত। বাঁ প্রান্তে নিকোলাস তাগলিয়াফিকোকে রেখেই রক্ষণ সাজাতে পারেন স্কালোনি।

ডান প্রান্তে নাহুয়েল মোলিনা ও গনসালো মন্তিয়েলের মধ্যে একজনকে বেছে নিতে হবে আর্জেন্টিনা কোচকে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস মোলিনাকে সম্ভাব্য একাদশে রেখেছে। তবে ইংল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে নেমে ভালো করায় মন্তিয়েলকেও বিবেচনা করা হচ্ছে।

মধ্যমাঠে লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফের্নান্দেস ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের জায়গা প্রায় নিশ্চিত। ইংল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে না থাকা রদ্রিগো দে পল ফাইনালে ফিরতে পারেন। সেমিফাইনালে তার জায়গায় খেলেছিলেন জিউলিয়ানো সিমিওনে।

স্পেনের বলের দখল এবং মাঝমাঠের নিয়ন্ত্রণ মোকাবিলায় দে পলের অভিজ্ঞতা, দৌড় ও শারীরিক উপস্থিতিকে গুরুত্ব দিতে পারেন স্কালোনি। জিউলিয়ানোর পাশাপাশি নিকোলাস গনসালেসও এই জায়গার বিকল্প হিসেবে আছেন। আর্জেন্টিনার শেষ অনুশীলনের আগে এই তিনজনকে নিয়েই মূল লড়াইয়ের কথা জানিয়েছিল দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দেপোর্তিভি।

আক্রমণে লিওনেল মেসির সঙ্গে হুলিয়ান আলভারেসের খেলার সম্ভাবনাই বেশি। ইংল্যান্ডের বিপক্ষে জয়সূচক গোল করলেও লাউতারো মার্তিনেজকে আবারও বদলি হিসেবে রাখা হতে পারে। ম্যাচের পরের অংশে ক্লান্ত স্প্যানিশ রক্ষণের বিপক্ষে তাকে ব্যবহার করার পরিকল্পনা থাকতে পারে স্কালোনির।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

ছক: ৪-১-৩-২

এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; লেয়ান্দ্রো পারেদেস; রদ্রিগো দে পল, এনজো ফের্নান্দেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেস।

বিকল্প: মোলিনার জায়গায় গনসালো মন্তিয়েল এবং দে পলের জায়গায় জিউলিয়ানো সিমিওনে।

বিশ্বকাপ ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ১টায়। ম্যাচ শুরুর প্রায় এক ঘণ্টা আগে পাওয়া যাবে দুই দলের নিশ্চিত একাদশ।