কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দেশে কোরবানির সময় সংগৃহীত মোট চামড়ার প্রায় ৬০ থেকে ৭০ শতাংশই এ ও বি গ্রেডের হয়ে থাকে। চামড়ার দাম দেশের চাহিদার ওপর নির্ভর করে না, বরং আন্তর্জাতিক বাজার পরিস্থিতির ওপর নির্ভরশীল।
শনিবার (৩০ মে) সকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমানে বিশ্ব অর্থনীতি কিছুটা টালমাটাল অবস্থার মধ্যে রয়েছে। মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় বিশ্বব্যাপী অনেকেই প্রাকৃতিক চামড়ার পরিবর্তে সিনথেটিক পণ্যের দিকে ঝুঁকছেন। এর ফলে আন্তর্জাতিক বাজারে চামড়ার চাহিদা ও মূল্য উভয়ের ওপরই প্রভাব পড়ছে।
তিনি আরও বলেন, ‘বিশ্বটা এখন একটি পরিবারের মতো। পৃথিবীর কোনো অঞ্চলে অর্থনৈতিক বা অন্য কোনো সংকট দেখা দিলে তার প্রভাব আমাদের দেশেও এসে পড়ে। আমরা যে চামড়া উৎপাদন করি, তার বড় একটি অংশ রপ্তানি হয়। তাই আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি সরাসরি আমাদের চামড়া খাতকে প্রভাবিত করে।’
কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউছুফ মোল্লা টিপুসহ জেলা ও মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।














