কুমিল্লাশনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুয়েতে থাকা অবৈধ প্রবাসীদের ফেরত পাঠানো হচ্ছে

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ১৮, ২০২৬ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

কুয়েতে অবস্থানরত যেসব প্রবাসীর বৈধ কাগজপত্র নেই, তাদের ডিপোর্টেশন সেন্টারের মাধ্যমে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়ে কুয়েতে বাংলাদেশ দূতাবাস।

এতে বলা হয়, কুয়েতপ্রবাসী সব বাংলাদেশির উদ্দেশে জানানো যাচ্ছে যে, কুয়েত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতে কুয়েতের হাসাবিয়া ও আব্বাসিয়া এলাকার অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভবনগুলো থেকে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের (বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি, মিসরীয়, নেপালি, ফিলিপিনো ইত্যাদি) প্রবাসীদের উচ্ছেদ করে হাসাবিয়ার একটি সরকারি স্কুলে অস্থায়ী শেল্টার হাউসে থাকার ব্যবস্থা করেছে।

বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে দূতাবাসের শ্রমকল্যাণ উইংয়ের দায়িত্বপ্রাপ্ত কাউন্সেলর (শ্রম) শোয়াইব-উল-ইসলাম তরফদারসহ একটি প্রতিনিধিদল ওই শেল্টার হাউসে অস্থায়ীভাবে আশ্রয় নেওয়া প্রবাসী বাংলাদেশিদের সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন।প্রতিনিধিদলটি সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেয়।

শেল্টার হাউসে কুয়েত কর্তৃপক্ষ খাদ্য, পানীয় পানি এবং এয়ার কন্ডিশনিংয়ের ব্যবস্থা রেখেছে।এ সময় বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিদল ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত কুয়েতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করে। তাদের সঙ্গে আলোচনায় নিম্নোক্ত তথ্য জানা যায়,

কুয়েতের বিভিন্ন এলাকায় অবস্থিত মেয়াদোত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবন খালি করে পরবর্তীতে সেগুলো অপসারণ এবং দেশটিতে অবৈধভাবে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকদের আটক করে নিজ নিজ দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হচ্ছে।আগামীতে কুয়েতের অন্যান্য এলাকাতেও এ ধরনের অভিযান পরিচালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

অভিযানে আটক বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে যাদের বৈধ কাগজপত্র রয়েছে, যাচাই-বাছাই শেষে তাদের শেল্টার হাউস ত্যাগের অনুমতি দেওয়া হচ্ছে। তবে যাদের বৈধ কাগজপত্র নেই, তাদের ডিপোর্টেশন সেন্টারের মাধ্যমে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানা গেছে।

অভিযানের ফলে বাস্তুচ্যুত ব্যক্তি ও পরিবারগুলো তাদের বৈধ অবস্থানের প্রয়োজনীয় প্রমাণ উপস্থাপন সাপেক্ষে অস্থায়ীভাবে শেল্টার হাউসে অবস্থান করতে পারবেন। সেখানে অবস্থানকালে তারা কর্মস্থলে যোগদান বা অন্য কোনো উদ্দেশ্যে শেল্টার হাউস ত্যাগ করতে পারবেন না। এমতাবস্থায় চলমান অভিযানের প্রেক্ষাপটে যেকোনো অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে কুয়েতপ্রবাসী সব বাংলাদেশি নাগরিককে তাদের আবাসনের বৈধতা এবং প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রয়েছে কি না, তা নিশ্চিত করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। একইসঙ্গে বাইরে চলাচলের সময় প্রত্যেককে নিজ নিজ সিভিল আইডি বা অন্যান্য বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।