পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লা নগরীতে প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। সকাল ৮টায় নির্ধারিত এ জামাতে ইমামতি করবেন কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ক্বারী মোহাম্মদ ইব্রাহীম।
ঈদকে সামনে রেখে ইতোমধ্যে কেন্দ্রীয় ঈদগাহসহ নগরীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সম্ভাব্য প্রতিকূল আবহাওয়া বিবেচনায় নিয়ে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে ঈদগাহে মুসল্লিদের জন্য বড় পরিসরে সামিয়ানা টানানো হচ্ছে। বৃষ্টির পানি যাতে ভেতরে প্রবেশ না করে, সে ব্যবস্থাও রাখা হয়েছে।
নিরাপত্তা ও সৌন্দর্য বৃদ্ধিতে পুরো এলাকায় আলোকসজ্জার ব্যবস্থাও করা হয়েছে। এছাড়া নারী মুসল্লিদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন জিমনেসিয়ামে তারা জামাতে অংশ নিতে পারবেন।
ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লা জেলা কার্যালয় জানিয়েছে, সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন স্থানে সকাল ৭টা থেকে ৯টার মধ্যে পর্যায়ক্রমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় ঈদগাহ ছাড়াও জেলা মডেল মসজিদ, টমছমব্রিজ, কান্দিরপাড়, চকবাজার ও রাজগঞ্জসহ বিভিন্ন স্থানে পৃথক সময়ে জামাতের আয়োজন করা হয়েছে।












