দেশকে মাদকমুক্ত রাখতে কুমিল্লা ও সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন সময়ে জব্দ করা প্রায় ৮৩ কোটি ৭৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সদর এবং সাতক্ষীরার নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) সদর দপ্তরে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব মাদক ধ্বংস করা হয়।
কুমিল্লা ব্যাটালিয়ন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির সরাইল রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে জানানো হয়, গত তিন বছরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) ও সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) পরিচালিত বিভিন্ন অভিযানে মালিকবিহীন অবস্থায় জব্দ করা ৫১ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ১২৫ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ও নেশাজাতীয় দ্রব্য ধ্বংস করা হয়েছে।
অন্যদিকে সাতক্ষীরার নীলডুমুর ব্যাটালিয়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান।
বিজিবি জানায়, ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ১১ জুলাই পর্যন্ত সাতক্ষীরার শ্যামনগর, দেবহাটা ও কালীগঞ্জ সীমান্তে পরিচালিত বিভিন্ন অভিযানে ৪১ জন আসামিসহ ৫১ কোটি ৮৫ লাখ ৭ হাজার ৫৫০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এর মধ্যে ৩১ কোটি ৯৪ লাখ ৩৪ হাজার ৩৫০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
ধ্বংস করা মাদকের মধ্যে ছিল বিপুল পরিমাণ মদ, ফেনসিডিল ও সমজাতীয় নেশাজাতীয় দ্রব্য, ইয়াবা, গাঁজা, হেরোইন, বিভিন্ন ধরনের অবৈধ ওষুধ, মাদকজাতীয় ট্যাবলেট, এলএসডি এবং ২ দশমিক ৪০০ কেজি ক্রিস্টাল মেথ (আইস)।
অনুষ্ঠানে কুমিল্লা ও সাতক্ষীরা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিচার বিভাগ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কাস্টমস, জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।












