কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কুমিল্লা অঞ্চলের কার্যালয় পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে তিনি বিআরটিএর সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সেবাগ্রহীতাদের জন্য প্রদত্ত বিভিন্ন সেবার অগ্রগতি বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য প্রদত্ত আর্থিক ক্ষতিপূরণ সম্পর্কে জানতে চান সংসদ সদস্য।
বিআরটিএ কর্মকর্তারা জানান, ২০২৩ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত সড়ক দুর্ঘটনায় নিহতদের ২১৯টি পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে।
এছাড়া বিআরটিএ কুমিল্লা অঞ্চলের নতুন ভবন নির্মাণের বিষয়েও আলোচনা হয়। সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী সংশ্লিষ্টদের মাধ্যমে বিষয়টি বিআরটিএ চেয়ারম্যানকে অবহিত করেন এবং দ্রুত সময়ের মধ্যে নতুন ভবন নির্মাণের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
পরিদর্শন শেষে তিনি বিআরটিএর সেবার মান আরও উন্নত করা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।











