কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দরবেশপাড়ায় সরকারি খাল দখল করে নির্মিত ৩৩টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিনের দখলদারিত্বের কারণে খালের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হওয়ায় জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (২২ জুলাই) দিনব্যাপী পরিচালিত যৌথ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত বিশ্বাস দাস।
স্থানীয় সূত্রে জানা যায়, দরবেশপাড়া বাজারের মধ্য দিয়ে প্রবাহিত সরকারি খালের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে দখল করে দোকানপাটসহ বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী স্থাপনা নির্মাণ করেন। এতে খালের পানি চলাচল বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি সামান্য বৃষ্টিতেই আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতো। স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে খালের সীমানার মধ্যে থাকা ৩৩টি অবৈধ দোকান ও অন্যান্য স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ফলে খালের জায়গা দখলমুক্ত করা সম্ভব হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত বিশ্বাস দাস জানান, সরকারি খালের ওপর গড়ে ওঠা সব ধরনের অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে অপসারণ করা হচ্ছে। দখলমুক্ত করার পর দ্রুতই খালটির পূর্ণাঙ্গ খনন কার্যক্রম শুরু করা হবে, যাতে পানি প্রবাহ স্বাভাবিক হয় এবং স্থানীয় কৃষিকাজ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ঘটে।
তিনি আরও বলেন, জনস্বার্থে সরকারি জমি ও জলাশয় দখলের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।












