কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
মৃত সামিয়া আক্তার দেবিদ্বার উপজেলার ইউসুফপুর গ্রামের বাসিন্দা। জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পিয়াস আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের হাম শনাক্ত হয়েছে এবং বাকি ৯ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. মিয়া মনজুর আহমেদ জানান, শিশুটি কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল। গুরুতর অবস্থায় হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চিকিৎসকরা সতর্ক করে বলেন, শিশুদের জ্বর, শ্বাসকষ্ট বা দুর্বলতার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। দেরি হলে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে।











