কুমিল্লা নগরীর কোতয়ালী মডেল থানার গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে ৯১৩৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১।
শুক্রবার (১৬ মে) রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
আটককৃত ব্যক্তি হলেন- মো. রাকিব হোসেন (২০)। তিনি কুমিল্লা কোতয়ালী মডেল থানার গাজীপুর এলাকার নূর আলমের ছেলে।
র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, অভিযানের সময় রাকিবের হেফাজত থেকে ৯১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে।
র্যাব-১১ আরও জানায়, মাদকের বিরুদ্ধে চলমান ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক আসামীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাবের দাবি, মাদক নির্মূলে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।












