নাইদুল হোসাইন ইমন
উদ্ধার ৪২ কেজি গাঁজা ও ১৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪২ কেজি গাঁজা ও ১৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীসহ মোট ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জের দিকনির্দেশনায় এবং কুমিল্লার পুলিশ সুপারের তত্ত্বাবধানে শনিবার (৫ সেপ্টেম্বর) জেলার সব থানায় একযোগে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, জেলার বিভিন্ন স্থানে মোট ৪৫টি মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা উদ্ধারের পাশাপাশি ৩৪ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট এবং বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা এবং একটি নিরাপদ ও মাদকমুক্ত কুমিল্লা গড়ে তুলতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় সহযোগিতার আহ্বান জানিয়েছে পুলিশ।
মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে কুমিল্লা জেলা পুলিশ।











