কুমিল্লাবৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কারাগারে অসুস্থ যুবলীগ নেতার হাসপাতালে মৃত্যু

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ১৫, ২০২৬ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা আমিনুল ইসলাম লিটন (৪৭) গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) সকালে মারা গেছেন। সিরাজগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হওয়ার পর তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ জেলা কারাগারের সুপার রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত আমিনুল ইসলাম লিটন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং চরবেতকান্দি গ্রামের বাসিন্দা। 

জেল সুপার রফিকুল ইসলাম বলেন, গত ৫ জুলাই বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় আসামি হিসেবে আমিনুল ইসলাম লিটনকে জেলা কারাগারে পাঠায় আদালত। তিনি আগে থেকেই হৃদরোগ (হার্ট) ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তিনি কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে সকাল পৌনে ৯টার দিকে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রফিকুল ইসলাম আরও বলেন, ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিকেলেই মরহেদ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।