আফ্রিকার ডিআর কঙ্গো ও উগান্ডায় নতুন করে ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাস পরিস্থিতিকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। দ্রুত সংক্রমণ বিস্তার, মৃত্যুহার বৃদ্ধি এবং সীমান্ত পেরিয়ে সংক্রমণ ছড়িয়ে পড়ায় উদ্বেগ বাড়ছে সংশ্লিষ্ট অঞ্চলে।
রোববার সংস্থাটি জানায়, ডিআর কঙ্গো ও উগান্ডায় চলমান প্রাদুর্ভাবকে ‘পাবলিক হেলথ ইমার্জেন্সি অব ইন্টারন্যাশনাল কনসার্ন’ হিসেবে বিবেচনা করা হলেও এখনো তা বৈশ্বিক মহামারির পর্যায়ে পৌঁছায়নি।
ডিআর কঙ্গোর ইতুরি প্রদেশের বুনিয়া, রওয়ামপারা ও মঙ্গবালু স্বাস্থ্য অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৮০ জনের সন্দেহজনক মৃত্যু, আটটি নিশ্চিত সংক্রমণ এবং ২৪৬ জনের মধ্যে উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে উগান্ডার রাজধানী কাম্পালায়ও দুটি নিশ্চিত সংক্রমণ শনাক্ত হয়েছে, যার মধ্যে একজন মারা গেছেন। আক্রান্তদের কেউ কেউ কঙ্গো থেকে ভ্রমণ করে এসেছিলেন বলে জানা গেছে।
এছাড়া কঙ্গোর রাজধানী কিনশাসাতেও একজন আক্রান্ত শনাক্ত হওয়ায় সংক্রমণ বিস্তারের ঝুঁকি আরও বেড়েছে। আফ্রিকা সিডিসি জানিয়েছে, বর্তমানে স্থানীয়ভাবে সংক্রমণ সক্রিয় রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক স্ক্রিনিং ও কন্টাক্ট ট্রেসিং কার্যক্রম জোরদার করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ইবোলা একটি অত্যন্ত সংক্রামক ও প্রাণঘাতী ভাইরাস, যা শরীরের তরলের মাধ্যমে ছড়ায়। ইতুরির খনিশিল্প এলাকা থেকে শুরু হওয়া এই সংক্রমণ রোগীদের চলাচলের কারণে দ্রুত বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে।
নিরাপত্তাহীনতা ও লজিস্টিক সমস্যার কারণে আক্রান্ত এলাকায় চিকিৎসা ও নজরদারি কার্যক্রম পরিচালনায় চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে।











