ভোলার চরফ্যাশনে পানির মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. রাসেল (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আগামী ১০ আগস্ট প্রকাশিত হতে যাওয়া এসএসসি পরীক্ষার ফলের অপেক্ষায় ছিল সে। কিন্তু ফল প্রকাশের চার দিন আগেই নিভে গেল তার জীবন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার দুলারহাট থানাধীন নুরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
ওই পরীক্ষার্থী একই গ্রামের মো.আবুল কালামের একমাত্র ছেলে ও চলতি বছরে দুলারহাট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় দিয়েছিলেন।
পুলিশ ও রাসেলের পরিবার জানায়, বৃহস্পতিবার দুপুরে রাসেলদের বসতঘরে মেঝের ফ্লোর ঢালাইয়ের কাজের জন্য পাশের পুকুরে পানির জন্য মোটর স্থাপন করছিল। ওই মোটরে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় হঠাৎই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আগামী ১০ আগস্ট এসএসসি পরীক্ষার রেজাল্টের জন্য অধীর আগ্রহে ছিল রাসেল, কিন্তু রেজাল্ট পাওয়ার ৪দিন আগেই প্রাণ গেল তার। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রাম ও তার সহপাঠীদের মধ্যে।
বিষয়টি নিশ্চিত করে দুলারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন আলম চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ গিয়েছে, কিন্তু পরিবারের কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।












