কুমিল্লাসোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

প্রতিবেদক
Cumilla Press
মে ১৮, ২০২৬ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন দেশের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক রোববার (১৭ মে) একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের নির্দেশনা দিয়েছে।

সার্কুলার অনুযায়ী, ঈদের আগে লেনদেন স্বাভাবিক রাখতে ২৩ ও ২৪ মে (শনিবার ও রোববার) ব্যাংকের সব শাখা ও উপশাখা খোলা থাকবে।

তবে তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে ২৫ ও ২৬ মে সংশ্লিষ্ট শিল্পাঞ্চলের কিছু ব্যাংক শাখা সীমিত পরিসরে চালু থাকবে। এসব শাখায় সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অফিস চলবে এবং লেনদেন হবে দুপুর ১টা পর্যন্ত।

এছাড়া আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দরসংলগ্ন ব্যাংক শাখাগুলোও ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সীমিত আকারে খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

ছুটির দিনগুলোতে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী অতিরিক্ত ভাতা পাবেন বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।