কুমিল্লাসোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঈদের ছুটি শেষে অফিস-আদালত-ব্যাংক খুলছে আজ

প্রতিবেদক
Cumilla Press
জুন ১, ২০২৬ ১২:৪০ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে আজ সোমবার থেকে স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজার। দীর্ঘ ছুটি কাটিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীসহ কর্মস্থলমুখী মানুষের যাতায়াতও বেড়েছে।

ঈদ পরবর্তী সময়ে রোববার থেকেই ঢাকামুখী মানুষের চাপ বাড়তে শুরু করে। সড়ক, রেল ও নৌপথে বিপুলসংখ্যক মানুষ রাজধানীতে ফিরেছেন। ফলে গুরুত্বপূর্ণ সড়ক ও পরিবহন টার্মিনালগুলোতে যানবাহনের চাপও লক্ষ্য করা গেছে।

তবে ছুটির পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় স্বাভাবিক কর্মচাঞ্চল্য কিছুটা কম থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। অনেক কর্মী ঈদের শুভেচ্ছা বিনিময় ও সহকর্মীদের সঙ্গে কুশলাদি বিনিময়ে সময় কাটাবেন।

এ বছর ঈদুল আজহা উপলক্ষে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি কার্যকর ছিল। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পূর্বনির্ধারিত ছুটির সঙ্গে নির্বাহী আদেশে অতিরিক্ত একদিন যুক্ত করে টানা সাত দিনের ছুটির সুযোগ দেওয়া হয়। সরকারি চাকরিজীবীদের পাশাপাশি ব্যাংক, বিমা ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরাও এই ছুটি ভোগ করেন।

তবে দীর্ঘ ছুটির সমন্বয়ের অংশ হিসেবে ২৩ মে সাপ্তাহিক ছুটির দিনেও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অফিস করেছেন।

অন্যদিকে জনস্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ খাত ছুটির আওতার বাইরে ছিল। বিদ্যুৎ, গ্যাস, পানি, ফায়ার সার্ভিস, বন্দর, টেলিযোগাযোগ, ডাক বিভাগ, হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং এসব সেবায় নিয়োজিত কর্মীরা পুরো সময় দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘ ঈদ বিরতির পর আজ থেকে প্রশাসনিক ও আর্থিক কর্মকাণ্ডে নতুন করে গতি ফিরবে বলে আশা করা হচ্ছে।