ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৫ জুলাই) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক্স-এ দেওয়া এক পোস্টে এমন তথ্য জানিয়েছে। আল-জাজিরা এক প্রতিবেদনে এ সংক্রান্ত তথ্য জানায়।
পোস্টে জানানো হয়, বুধবার সকাল ৬ টা থেকে ইরানের বিরুদ্ধে ধারাবাহিক হামলা শুরু করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড বাহিনী। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর হামলা চালাতে ইরানি বাহিনী যে সামরিক সক্ষমতা ব্যবহার করে আসছে তা দুর্বল করে দেওয়াই হলো এই হামলাগুলোর উদ্দেশ্য। ইরানের ওপর টানা চতুর্থ রাতের হামলা চালানোর কয়েক ঘণ্টা পর এ হামলা শুরু করা হয়েছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জাহাজ চলাচলের ওপর অবরোধ পুনর্বহাল করার পর ইরান হরমুজ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। ইরান মার্কিন সামরিক সরঞ্জামের ওপর প্রতিশোধমূলক হামলা অব্যাহত রাখার অঙ্গীকার করার পর বুধবার জর্ডান, বাহরাইন ও কুয়েত আবারও হামলার শিকার হয়েছে। যার ফলে একটি অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি ভেস্তে গেছে।
উল্লেখ্য, চলতি বছরের ২৮ শে ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া যুদ্ধ শেষ করতে তেহরান আলোচনায় না ফিরলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে আঘাত হানার হুমকি পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প।












