কুমিল্লামঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইংল্যান্ডের বিপক্ষে একাদশ নিয়ে কী ভাবছেন স্ক্যালোনি?

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ১৩, ২০২৬ ১১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

আর মাত্র দুটি জয়। তাহলেই ইতিহাস গড়বে আর্জেন্টিনা জাতীয় দল। ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের হাতছানি আর্জেন্টিনার সামনে। তার জন্য অবশ্য আগে সেমিফাইনালে হারাতে হবে দারুণ ছন্দে থাকা ইংল্যান্ডকে, যাদের সামনে সুযোগ ১৯৬৬ সালের পর দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার।

আগামী বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ২০০২ সালের পর প্রথমবার বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে এই দুই দল। লিওনেল মেসি তার দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে খেলবেন।


রাউন্ড অব ৩২ এবং কোয়ার্টার ফাইনালে মিশর ও সুইজারল্যান্ডের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল আর্জেন্টিনাকে। দুটি ম্যাচই অতিরিক্ত সময়ে গড়িয়েছিল, যেখানে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নেয়। তাই প্রশ্ন উঠছে–সেমিফাইনালের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় স্ক্যালোনি কি প্রথম একাদশে পরিবর্তন আনবেন?


আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াসি স্পোর্টসের খবর অনুযায়ী, এই প্রশ্নের চূড়ান্ত উত্তর পেতে ম্যাচের আগেরদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, মঙ্গলবারের (১৪ জুলাই) অনুশীলনের আগে পর্যন্ত স্ক্যালোনির কোচিং স্টাফের পরিকল্পনা, শুরুর একাদশে বড় ধরনের কোনো পরিবর্তন না আনা।

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার পারফরম্যান্স খুব একটা সন্তোষজনক ছিল না। ইউরোপীয় দলটি দ্বিতীয়ার্ধের ২৭তম মিনিটে ১০ জনের দলে পরিণত হলেও ম্যাচটি অতিরিক্ত সময়ে গিয়ে জিততে হয়েছে আলবিসেলেস্তেদের। তবুও স্ক্যালোনি আবারও তার পরিচিত ও নিয়মিত খেলোয়াড়দের ওপরই আস্থা রাখতে পারেন।


গত ম্যাচে স্ক্যালোনি তার কোচিং ক্যারিয়ারে চতুর্থবারের মতো আগের ম্যাচে নামানো একই শুরুর একাদশ মাঠে নামিয়েছিলেন। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি ব্যাখ্যা করেছিলেন, মিসরের বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তনের পরও কোচিং স্টাফ ম্যাচটির বিশ্লেষণ ইতিবাচকভাবে দেখেছিল। তাদের মতে, দল ম্যাচের নিয়ন্ত্রণে ছিল, একাধিক পরিষ্কার গোলের সুযোগ তৈরি করেছিল এবং মূল সমস্যা ছিল সুযোগ কাজে লাগাতে না পারা ও রক্ষণে কিছু ভুল।


তবে এবার অধিকাংশ খেলোয়াড়কে ধরে রাখার পেছনের যুক্তি কিছুটা ভিন্ন। স্ক্যালোনি এই খেলোয়াড়দের দীর্ঘদিন ধরে চেনেন, তারা তার প্রকল্পের অংশ, এবং তিনি বিশ্বাস করেন যে গুরুত্বপূর্ণ মুহূর্তে তারা নিজেদের সেরাটা তুলে ধরতে পারবে, যেমনটি তারা কাতার বিশ্বকাপে করেছিল।


মিডফিল্ডই এমন একটি জায়গা, যেখানে প্রত্যাশার তুলনায় পারফরম্যান্স সবচেয়ে হতাশাজনক। তবে শেষ ম্যাচে ক্র্যাম্পে ভোগা লিয়ান্দ্রো পারেদেসকে বাদ দিলে এই জায়গায় পরিবর্তন আসবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

তবুও নির্দিষ্ট কয়েকটি পজিশনে কিছু পরিবর্তন বা কৌশলগত সমন্বয় দেখা যেতে পারে। যদিও এখনো নিশ্চিতভাবে কারা সুযোগ পাবেন, সে বিষয়ে কোনো ইঙ্গিত নেই। সাম্প্রতিক ম্যাচগুলোর পরিস্থিতি বিবেচনায় নাহুয়েল মোলিনার জায়গায় গনসালো মন্তিয়েল এবং আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের পরিবর্তে নিকোলাস গনসালেসকে খেলানোর সম্ভাবনা রয়েছে।


বিশ্বকাপজুড়েই যেমন করেছেন, এবারও স্কালোনি শেষ মুহূর্ত পর্যন্ত শুরুর একাদশ গোপন রাখবেন। স্টেডিয়ামে রওনা হওয়ার আগে দলীয় বৈঠকেই চূড়ান্ত একাদশ জানানো হবে। এর আগে সোমবার ও মঙ্গলবারের অনুশীলন এবং কোচের সংবাদ সম্মেলনের পর সম্ভাব্য পরিবর্তনগুলো আরও পরিষ্কার হয়ে উঠবে।