কুমিল্লাবৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

প্রতিবেদক
Cumilla Press
মে ২৭, ২০২৬ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার। দ্রুত সময়ের মধ্যে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস হাসপাতাল পরিদর্শন শেষে জানান, আগামী ৪০ থেকে ৭২ ঘণ্টার মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তিনি বলেন, ভোরের দিকে হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ওই ওয়ার্ডে ভর্তি ১১ জন মায়ের মধ্যে ছয়জনের নবজাতক (এক থেকে তিন দিনের) সেখানে ছিল। বাকি পাঁচ নবজাতক এনআইসিইউতে চিকিৎসাধীন ছিল।

প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, ওয়ার্ডটিতে বায়ু চলাচলের যথাযথ ব্যবস্থা ছিল না এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় (এসি) জটিলতা থাকায় ঘরের ভেতরে অস্বাভাবিক দমবন্ধ পরিবেশ তৈরি হয়েছিল।

এ ঘটনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত তদন্ত কমিটিতে একজন যুগ্ম সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল উইংয়ের একজন কর্মকর্তা এবং আরও একজন সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তে কোনো অবহেলা বা ত্রুটি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।