কুমিল্লাবুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আদালতে হাজির হলেন নাসির-তামিমা, রায় ঘোষণা ১২টায়

প্রতিবেদক
Cumilla Press
জুন ১০, ২০২৬ ১২:২০ অপরাহ্ণ
Link Copied!

ডিভোর্স না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রীর তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আজ বুধবার দিন ধার্য রয়েছে। গত ৬ মে যুক্তিতর্ক শেষে  ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই রায়ের দিন নির্ধারণ করেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আশুতোষ ভৌমিক বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বেলা ১২ টা পরবর্তী সময় এই রায় ঘোষণার কথা রয়েছে।

রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালতে এসেছেন নাসির-তামিমা। বেলা ১১ টা ৪৫ এর দিকে তারা ঢাকার ৫ নং সিএমএম কোর্টে হাজির হন।

একইসাথে আদালতে উভয়পক্ষের আইনজীবী উপস্থিত রয়েছেন।

এরমধ্যে আসামিপক্ষে আইনজীবী আজিজুর রহমান দুলু  এবং বাদীপক্ষে আইনজীবী ইসরাত হাসান উপস্থিত রয়েছেন। আদালতে উপস্থিত আছেন মামলার বাদী রাকিবও।

গত ৬ মে বাদী ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুনানি শেষে  রায় ঘোষণার এ তারিখ ধার্য হয়।  

ওইদিন আদালতে বাদী রাকিবের পক্ষে আইনজীবী ইসরাত হাসান অপরদিকে নাসিরের পক্ষে আইনজীবী  আজিজুর রহমান দুলু এবং তামিমার পক্ষে আইনজীবী  মোসলেহ উদ্দিন জসীম যুক্তি উপস্থাপন করেন।

শুনানিতে তাদের সর্বোচ্চ সাজা চেয়ে প্রার্থনা করেন বাদীপক্ষ। তবে তাদের নির্দোষ দাবি করে খালাসের প্রার্থনা করেন আসামিপক্ষের আইনজীবীরা।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমা ও বাদী রাকিবের বিয়ে হয়। তাদের আট বছরের একটি মেয়েও রয়েছে। কিন্তু রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক চলা অবস্থাতেই ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমা ও ক্রিকেটার নাসির হোসেন বিয়ে করেন।

২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমা ও নাসিরের বিয়ের ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। এরপর ২৪ ফেব্রুয়ারি দণ্ডবিধির ৪৯৭,৫০০ এবং ৩৪ ধারায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রাকিব মামলাটি করেন। সে বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে তিনজনের বিরুদ্ধে প্রতিবেদন দেন তদন্ত কর্মকর্তা শেখ মিজানুর রহমান।

২০২২ সালের ৯ ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। তবে নাসিরের শাশুড়ি সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। ওই বছরের ৬ মার্চ মহানগর দায়রাজজ আদালতে নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে রিভিশন করেন তাদের আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু। অন্যদিকে সুমি আক্তারকে অব্যাহতির আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করেন বাদীপক্ষের আইনজীবী ইসরাত হাসান। ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি দুটো আবেদনই আদালতে নাকচ হয়ে যায়। ফলে নাসির-তামিমার বিরুদ্ধে মামলা চলতে আইনি বাধা কাটে। ওই বছর ২০ মার্চ বাদী রাকিবের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু হয়। ২০২৫ সালের ১৬ এপ্রিল মামলাটিতে সাক্ষ্য গ্রহণ শেষ হয়। যেখানে ১০ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। গত ১০ মার্চ মামলাটিতে আসামিদের আত্মপক্ষ শুনানি হয়। শুনানিতে তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।গত ৩০ মার্চ নিজের পক্ষে সাফাই সাক্ষী দেন তামিমা, যা ৮ এপ্রিল শেষ হয়।