কুমিল্লাবুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অভিনেতা আলভী জামিন পেলেও কারামুক্তি আটকে গেল

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ১২, ২০২৬ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

আফরা ইভনাথ খান ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা জাহের আলভী (মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া) জামিন পেলেও তার কারামুক্তি আটকে গেছে। 

এ বিষয়ে গত ৭ আগস্ট ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে অভিনেতা আলভীকে কারামুক্তি কী কারণে দেওয়া যায়নি তার একটি চিঠিসহ ব্যাখ্যা ঢাকার সিএমএম আদালতে পাঠানো হয়েছে।

আদালতের নথি থেকে জানা গেছে, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারের কার্যালয় থেকে এই চিঠি ইস্যু হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, হাজতি নং-২০৩৫৮/২৬, মো. নেয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলী, পিতা-মৃত শহিদ উল্লাহ ভূইয়া, সাং-এভিনিউ-২, রোড-৭, বাসা-১৩০৪, লিফটের-৮, ফ্ল্যাট-এ-২, মিরপুর ডিওএইচএস, থানা-পল্লবী, ঢাকাকে জামিনে মুক্তি প্রসঙ্গে।

বিজ্ঞ আদালতের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিষয়োক্ত বন্দির সূত্রস্থ মামলার রিলিজ আদেশ বরাতোক্ত স্মারকে বিজ্ঞ আদালত হতে গত ০৬/০৮/২০২৬ তারিখ অত্র দপ্তরে পাওয়া যায়। অপরদিকে সূত্রস্থ মামলায় মহামান্য সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ হাইকোর্ট বিভাগ ঢাকার ফৌজদারী বিবিধ মামলা নং-৪৩৬২৪/২৬ মূলে গত-০২/০৮/২০২৬ তারিখে প্রদত্ত জামিন আদেশ মহামান্য সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ, আপিল বিভাগের ক্রিমিনাল মিসসিলিনিয়াস পিটিশন নং- /২৬ মূলে জামিনে মুক্তির স্থগিতাদেশ (স্টে অর্ডার) সংক্রান্ত রাষ্ট্রপক্ষের বিজ্ঞ আইনজীবী জনাব নূর জাহান বেগম (অ্যাডভোকেট অনরেকর্ড) কর্তৃক স্বাক্ষরিত একটি পত্র প্রশাসনিক কর্মকর্তার  ই-মেইল হতে গত-০৪/০৮/২০২৬ তারিখ অত্র দপ্তরে পাওয়া যায়। ফলে সংশ্লিষ্ট বন্দিকে সূত্রস্থ মামলায় মুক্তি প্রদান করা সম্ভব হচ্ছে না।

এদিকে, গত ৩ আগস্ট বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ অভিনেতা আলভীর জামিনের আদেশ দেন। ঐ মামলায় অধস্তন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন জাহের আলভী। প্রাথমিক শুনানি নিয়ে আদালত জামিন প্রশ্নে রুল দেন । শুনানি শেষে রুল অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করে রায় দেওয়া হয়।

আদালতে জাহের আলভীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী শেখ রফিকুল ইসলাম শুনানিতে ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।

মামলার নথি থেকে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে ইকরার লাশ উদ্ধার করা হয়। স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় গত ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন আলভী। সেদিন আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার সুষ্ঠু তদন্তের জন্য আলভীকে সাত দিনের রিমান্ডে নিতে গত ২১ জুন আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত ২৪ জুন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।