অনার্স (সম্মান) পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাতিল করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়িয়ে পড়েছে, তা ভিত্তিহীন বলছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দাবি, এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি।
মঙ্গলবার (৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বা বিষয় বাতিলের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
এ বিষয়ে সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সাংবাদিকদের জানিয়েছেন, বাজারে যেসব বিষয়ে চাহিদা আছে, স্নাতক পর্যায়ের কারিকুলামে সেসব নিয়ে পর্যালোচনা চলছে। কিন্তু বাংলা, ইতিহাস, দর্শন এসব বিষয় বাদ দেয়া ইস্যুতে কোনো আলোচনাই হয়নি। আসন কমানো বা বিষয় বাদ দেয়ার কোনো ইস্যু নেই।
এ ছাড়া, শিক্ষামন্ত্রীর একান্ত কর্মকর্তা নূরুল আফসার দীপু গণমাধ্যমকে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে নূরুল আফসার দীপু বলেন, যেকোনো তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য জনগণের উচিত শিক্ষা মন্ত্রণালয় এবং সরকারের নির্ভরযোগ্য ও আনুষ্ঠানিক সূত্রের ওপর নির্ভর করা।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, উচ্চশিক্ষা সংস্কার ও শিক্ষাক্রম পর্যালোচনা নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। তবে এর অংশ হিসেবে বাংলা, ইতিহাস ও দর্শনের মতো মৌলিক বিষয়ে অনার্স (স্নাতক সম্মান) শিক্ষা বন্ধ করার কোনো নীতিগত সিদ্ধান্ত সরকার নেয়নি। ফলে এসব বিষয় তুলে দেয়ার খবরের কোনো বাস্তব ভিত্তি নেই।














