সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলামের ওপর হামলা ও মারধরের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের গ্রেপ্তার দাবি উঠেছে জাতীয় সংসদে। একই সঙ্গে এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান।
সংসদে নাজিবুর রহমান বলেন, সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী রাহেদুল ইসলামের ওপর ন্যক্কারজনক হামলা হয়েছে। যুবদল নেতা নয়ন ও তার সহযোগীরা ওই আইনজীবীকে গাড়ি থেকে জোর করে টেনে বের করেন। রাহেদুল ইসলাম নিজেকে জামায়াতে ইসলামী ও বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সদস্য পরিচয় দেয়ার পরও তাকে একটি কক্ষে আটকে রেখে মারধর করা হয়। একপর্যায়ে রড দিয়ে পিটিয়ে তার হাত ভেঙে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, এ ঘটনায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদের বক্তব্য প্রত্যাশা করেছিলেন তিনি। একই সঙ্গে ঘটনার জন্য দায়ী ব্যক্তিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নাজিবুর রহমান বলেন, মবের বিরুদ্ধে কথা বললেও এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এখনো কোনও ব্যবস্থা নেয়া হয়নি। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর ভূমিকা এবং সংসদে তাদের বিবৃতি প্রত্যাশা করছেন তিনি।
এ দিকে রাহেদুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সুপ্রিম কোর্ট শাখা। এ সময় সংগঠনটির নেতারা রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে সুনির্দিষ্ট ফৌজদারি মামলা দায়ের এবং তাকে গ্রেপ্তারের দাবি জানান।












