কুমিল্লামঙ্গলবার, ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হোয়াটসঅ্যাপের মিলবে নতুন ৪ সুবিধা, থাকছে যেসব চমক

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ৩, ২০২৬ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

গ্রুপ চ্যাট ব্যবহারের অভিজ্ঞতা আরও সহজ ও কার্যকর করতে নতুন চারটি সুবিধা চালুর ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ। নতুন সুবিধাগুলোর মাধ্যমে গুরুত্বপূর্ণ মেসেজ অনির্দিষ্টকালের জন্য পিন করে রাখা, গ্রুপে নতুন যোগ দেওয়া সদস্যদের সঙ্গে আগের কথোপকথন শেয়ার, নির্দিষ্ট গ্রুপের জন্য আলাদা স্ট্যাটাস প্রকাশ এবং মেনশন ও উত্তরের বার্তা সহজে খুঁজে পাওয়া যাবে।

সম্প্রতি এক ব্লগ পোস্টে এসব সুবিধা চালুর কথা জানিয়েছে মেটার মালিকানাধীন তাৎক্ষণিক বার্তা আদানপ্রদানের মাধ্যমটি। হোয়াটসঅ্যাপের দাবি, নতুন সুবিধাগুলো গ্রুপের নতুন সদস্যদের চলমান কথোপকথনে যুক্ত হতে এবং পুরোনো সদস্যদের আগের আলোচনা থেকে আবার শুরু করতে সহায়তা করবে।

হোয়াটসঅ্যাপের নতুন সুবিধার মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ মেসেজ অনির্দিষ্টকালের জন্য পিন করে রাখার সুযোগ। এত দিন গ্রুপ চ্যাটে কোনো মেসেজ পিন করার ক্ষেত্রে ২৪ ঘণ্টা, সাত দিন কিংবা ৩০ দিনের মতো নির্দিষ্ট সময়সীমা বেছে নিতে হতো। নতুন সুবিধায় ব্যবহারকারীরা চাইলে কোনো সময়সীমা ছাড়াই গুরুত্বপূর্ণ মেসেজ চ্যাটের শীর্ষে রাখতে পারবেন।

এতে সভার নির্দেশনা, অনুষ্ঠানের সময়সূচি, ঠিকানা কিংবা জরুরি ঘোষণার মতো তথ্য সহজেই গ্রুপের সদস্যদের নজরে থাকবে।

নতুন সদস্যের সঙ্গে শেয়ার করা যাবে আগের মেসেজ

গ্রুপে নতুন সদস্য যুক্ত হলে তাকে আগের কথোপকথনের সঙ্গে পরিচিত করিয়ে দেওয়ার ব্যবস্থাও সহজ করছে হোয়াটসঅ্যাপ।

নতুন সদস্য গ্রুপে যোগ দেওয়ার পর তার নামের ওপর ট্যাপ করে সাম্প্রতিক মেসেজগুলো তার সঙ্গে শেয়ার করতে পারবেন গ্রুপের অ্যাডমিন ও ব্যবস্থাপকেরা। এর ফলে নতুন সদস্যকে আগের আলোচনা বুঝতে পুরো চ্যাটের ইতিহাস ঘেঁটে দেখতে হবে না।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, শেয়ার করা মেসেজগুলোও এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে। এর আগে নতুন সদস্যকে গ্রুপে যুক্ত করার সময়ই তার সঙ্গে আগের মেসেজের ইতিহাস শেয়ার করার সুযোগ ছিল। নতুন সুবিধায় শুরুতে ইতিহাস শেয়ার করতে ভুলে গেলেও পরে তা পাঠানো যাবে।

নতুন আরেকটি সুবিধার মাধ্যমে নির্দিষ্ট গ্রুপের সদস্যদের জন্য আলাদা স্ট্যাটাস প্রকাশ করা যাবে। হোয়াটসঅ্যাপের নতুন গ্রুপ স্ট্যাটাস সুবিধায় ব্যবহারকারীরা নিজেদের পছন্দের নির্দিষ্ট গ্রুপের সঙ্গে বিভিন্ন মুহূর্তের ছবি বা ভিডিও শেয়ার করতে পারবেন।

গ্রুপের সদস্যরা সেই স্ট্যাটাস দেখতে, প্রতিক্রিয়া জানাতে এবং নিজেদের স্ট্যাটাসও প্রকাশ করতে পারবেন। সাধারণ হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মতোই ২৪ ঘণ্টা পর আপডেটগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।

মেনশন ও উত্তরের মেসেজ সহজে খুঁজে পাওয়া যাবে

গ্রুপ চ্যাটে কাউকে মেনশন করা হলে বা কোনো মেসেজের সরাসরি উত্তর দেওয়া হলে সেগুলো সহজে খুঁজে পাওয়া যাবে হোয়াটসঅ্যাপে।

নতুন সুবিধায় গ্রুপের অপঠিত কথোপকথনের মধ্যে ব্যবহারকারীকে মেনশন করা মেসেজ এবং তার কোনো মেসেজের সরাসরি উত্তরগুলো আলাদা করে দেখা যাবে। গ্রুপের সব সদস্যকে একসঙ্গে মেনশন করতে ব্যবহৃত ‘@all’ যুক্ত মেসেজও এই ফিল্টারের আওতায় থাকবে।

ফলে অসংখ্য মেসেজের মধ্যে গুরুত্বপূর্ণ মেসেজ খুঁজে পেতে চ্যাটবক্সের পুরো কথোপকথন ঘাঁটতে হবে না।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন সুবিধাগুলো পর্যায়ক্রমে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। ফলে সব ব্যবহারকারী একই সময়ে সুবিধাগুলো ব্যবহার করতে পারবেন না।