কুমিল্লাবৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে অভিযান, ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ২২, ২০২৬ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার সদর দক্ষিণে বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১-এর সিপিসি-২, কুমিল্লার একটি আভিযানিক দল।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে সদর দক্ষিণ মডেল থানার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খুলনা জেলার রূপসা থানার চরমোসাবাদপুর গ্রামের আবু তাহের ফকিরের ছেলে মো. মনিরুল ইসলাম (২৫) এবং কুমিল্লা কোতোয়ালি মডেল থানার উত্তর বাগবের গ্রামের মনির হোসেনের ছেলে মো. আরিফুল ইসলাম মারুফ (২০)।

এসআরবি-১১-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রির সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন বলে দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসআরবি-১১-এর সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক ও উপপরিচালক সাদমান ইবনে আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।