মানিকগঞ্জের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ইজিবাইকের চালক গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন-মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৌহালী গ্রামের মো. সাহানের ছেলে ইয়াসিন (২২) ও একই গ্রামের মোজাহারের ছেলে বাবলু (২৮)।
জানা যায়, সেলফি পরিবহনের একটি বাস পাটুরিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ঘিওর উপজেলার মৌহালী থেকে যাত্রী নিয়ে বরংগাইল হাটের দিকে যাচ্ছিল ইজিবাইকটি।পথে বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় বাসটি ইজিবাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইজিবাইকের এক যাত্রী নিহত হন। এতে আহত হন চালক ও আরেক যাত্রী।আহত যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। আর আহত চালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।












