বরিশাল জেলার উজিরপুরে বিশেষ চেকপোস্ট স্থাপন করে ৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল।
১৬ অক্টোবর ২০২৬ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৮, বরিশালের একটি চৌকস আভিযানিক দল বরিশাল জেলার উজিরপুর থানাধীন ইছলাদী টোল প্লাজার সামনে বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশিকালে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে ৩ কেজি ৮৫০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির পরিচয় জানা যায়, তিনি মোঃ সোহাগ ইসলাম (৩০), পিতা—মোঃ মতলেব প্যাদা, সাং—জব্বার মিয়া সড়ক, থানা—কোতোয়ালি, জেলা—বরিশাল। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে বরিশাল জেলার উজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৮, বরিশাল মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম পরিচালনা করে আসছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাদকের বিরুদ্ধে এসআরবি-৮, বরিশালের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।












