স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর অন্যত্র বিয়ে করেছেন এক নারী। নতুন সংসার শুরু করতে গিয়ে নিজের গর্ভজাত দুই অবুঝ শিশুকন্যাকে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। শিশু দুটিকে চিপস কিনে দিয়ে তিনি চলে যান, আর ফিরে আসেননি। এমনকি ফোনে যোগাযোগ করা হলে তিনি তাদের ফিরিয়ে নিতেও অস্বীকৃতি জানান।
রোববার (১১ অক্টোবর) দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের দক্ষিণ বাজার এলাকার রোজ গার্ডেন মডেল স্কুলসংলগ্ন স্থানে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
ফেলে যাওয়া শিশু দুটো হলো পাঁচ বছর বয়সী ইসরাত ও দেড় বছর বয়সী রোজা। তারা উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামের নাছির ও জেসমিন দম্পতির মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ বাজার এলাকায় শিশু দুটিকে কান্নাকাটি করতে দেখে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। এ সময় ইসরাতের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন, মা তাদের চিপস কিনে দিয়ে কোথাও চলে গেছেন। দীর্ঘ সময় অপেক্ষার পরও তিনি ফিরে না আসায় শিশু দুটির স্বজনদের খুঁজে পেতে স্থানীয় কয়েকজন ফেসবুকে তাদের ছবি ও ভিডিও প্রকাশ করেন।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও দেখে শিশু দুটির চাচি ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় লোকজন তার পরিচয় নিশ্চিত হওয়ার পর শিশু দুটিকে তার কাছে হস্তান্তর করেন।
স্থানীয়রা জানান, শিশু দুটির বাবা নাছির কুমিল্লা নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালান। পরিবারটি আগে নগরীতে বসবাস করত। প্রায় চার মাস আগে নাছির ও জেসমিনের বিচ্ছেদ হয়। এরপর জেসমিন অন্যত্র বিয়ে করেন বলে জানা গেছে।
উদ্ধারের পর শিশু দুটির চাচি উপস্থিত লোকজনের সামনে মোবাইল ফোনে তাদের মায়ের সঙ্গে কথা বলেন। এ সময় ওই নারী জানান, তিনি শিশু দুটিকে ইচ্ছা করেই ফেলে এসেছেন। তিনি নগরীর শাসনগাছা এলাকায় পৌঁছে গেছেন এবং তাদের আর ফিরিয়ে নেবেন না। পরে শিশু দুটির চাচি তাদের বাবাকে ফোন করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, ‘বিষয়টি শুনেছি। স্থানীয় এক চিকিৎসক ফোন করেছিলেন। তবে পরিবারের লোকজন ওই চিকিৎসকের দোকানে চলে আসায় শিশু দুটিকে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।’












